অতিথি প্রতিবেদক,পিরোজপুর :::
পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এক বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৪টার দিকে পিরোজপুর সদর থানাধীন ২ নম্বর কদমতলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পূর্ব ভৈরামপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
পিরোজপুর জেলার পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-সেবা’র সার্বিক দিকনির্দেশনায় এবং ডিবি’র ইন্সপেক্টর মোঃ মোস্তফা হাবিউল্লা, পিপিএম-এর নেতৃত্বে এসআই মোঃ মস্তোফা সাখওয়াতসহ গোয়েন্দা পুলিশের একটি চৌকস টিম এই অভিযান চালায়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব ভৈরামপুর গ্রামের সবুজ হাওলাদারের সুপারি বাগানের সামনের কাঁচা রাস্তায় মাদক ক্রয়-বিক্রয়ের সময় তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন
১. মাসুদ খান (২৬), পিতা: মোঃ আবদুর রহিম খান
২. মোঃ হাসিফ ওরফে আরিফ (২৭), পিতা: মৃত আবুল শেখ
৩. মোঃ আলী আকবার শেখ (৩২), পিতা: মৃত জাফর শেখ
গ্রেপ্তারকৃত সবার বাড়ি পিরোজপুর সদরের উত্তর কদমতলা এলাকায়।
অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে আরও দুজন মাদক কারবারি পালিয়ে যান। পলাতক আসামিরা হলেন ৫ নম্বর জুজখোলা ইউনিয়নের সিকদার মল্লিক এলাকার মোঃ হাসান শেখ (২৩), পিতা: মজিবুর শেখ এবং একই এলাকার মোঃ রবিউল হাওলাদার (৩৫), পিতা: মৃত ইউনুস হাওলাদার।
জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।




