নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ভবন চত্বর থেকে স্বর্ণের চেইন চুরির অভিযোগে শামসুন্নাহার (২৫) ও সাদিয়া (৩৫) নামের দুই নারী চোরকে হাতেনাতে আটক করেছে দায়িত্বে থাকা আনসার সদস্যরা। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।
বুধবার (২৯ অক্টোবর) দুপুর সাড়ে ১১টার দিকে হাসপাতালের মেডিসিন ভবনের টিকেট কাউন্টার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতদের বাড়ি ময়মনসিংহের নেত্রকোনা এলাকায়। তাদের মধ্যে শামসুন্নাহারের পিতা ফিরোজ আলি ও মাতা মানে চা বেগম এবং সাদিয়ার পিতা ইউসুফ আলী ও মাতা রোকিয়া বেগম।
হাসপাতাল সূত্রে জানা যায়, ঘটনার দিন নিয়মিত দায়িত্ব পালনের সময় আনসার সদস্যরা সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে ওই দুই নারীকে আটক করেন। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তাদের চুরির বিষয়টি নিশ্চিত করা হয়।
অভিযান পরিচালনাকারী আনসার দলের সদস্যরা জানান, পিসি নাগর আলীর নেতৃত্বে এপিসি গাজী আরিফ এবং নারী সদস্য শিউলি অত্যন্ত সতর্কতার সাথে সাহসিকতার পরিচয় দিয়ে চোর চক্রের এই দুই সদস্যকে হাতেনাতে আটক করেন।
আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট পুলিশি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।
বরিশাল, বরিশাল বিভাগ



