বরিশাল নগরীর বিভিন্ন আবাসিক হোটেলকে ঘিরে দেহ ও মাদক ব্যবসা পরিচালনার অভিযোগ দীর্ঘদিনের। স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রশাসনের মাঝেমধ্যে চালানো অভিযান ও নজরদারি সত্ত্বেও এসব অপকর্ম পুরোপুরি বন্ধ হচ্ছে না। অভিযানের পর কিছুদিন পরিস্থিতি স্বাভাবিক থাকলেও অদৃশ্য ইশারায় আবারও শুরু হয় একই কারবার। অভিযোগ রয়েছে, ক্ষমতাসীন রাজনৈতিক মহলের কতিপয় নেতার প্রভাব এবং প্রশাসনের কিছু অসাধু সদস্যকে ‘ম্যানেজ’ করেই একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে এই অবৈধ সাম্রাজ্য চালিয়ে যাচ্ছে। তবে এ বিষয়ে অভিযুক্ত মহলের কারও বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় ও ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে নগরীর একাধিক আবাসিক হোটেল ও এর নেপথ্যে থাকা পরিচালকদের নাম উঠে এসেছে।
পোর্ট রোড ও ব্রিজ এলাকা: হোটেল পপুলার (পরিচালনায় ফয়সাল), হোটেল অতিথি (পরিচালনায় নাজেম), হোটেল চীল (পরিচালনায় আলামিন) এবং হোটেল নসীব (পরিচালনায় ফয়সাল)।
মহসিন মার্কেট এলাকা (ফায়ার সার্ভিসের বিপরীতে): দ্বিতীয় তলার হোটেল ভোলা এবং সাবেক হোটেল জোনাকি (বর্তমান ঝিনুক/মনপুরা, যেখানেও ফয়সালের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে)।
লঞ্চঘাট ও কাঠপট্টি এলাকা: লাইন রোডের হোটেল নূপুর এবং কাঠপট্টির হোটেল নক্ষত্র।এ ছাড়া বান্দ রোডে হোটেল চারুতে ভুয়া স্বামী-স্ত্রী পরিচয়ে কক্ষ ভাড়া দিয়ে অবাধে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
অভিযোগকারীদের দাবি, উল্লিখিত ব্যক্তিরা ও হোটেল কর্তৃপক্ষ পরস্পর যোগসাজশে নগরীর আবাসিক হোটেলকেন্দ্রিক এই অবৈধ ব্যবসা নিয়ন্ত্রণ করছেন। তাঁদের কাছে এসব হোটেল নিরাপদ আস্তানা হিসেবে পরিচিত।
স্থানীয় ও সচেতন মহলের আশঙ্কা, আবাসিক হোটেলকেন্দ্রিক এই অবাধ দেহ ও মাদক ব্যবসার কারণে নগরীর তরুণ সমাজ দ্রুত বিপথগামী হচ্ছে। এর ফলে এলাকায় চুরি, ছিনতাইসহ নানাবিধ সামাজিক অপরাধের ঝুঁকি আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঝেমধ্যে অভিযান পরিচালনা করলেও তা স্থায়ী সমাধান না হওয়ায় প্রশাসনের নজরদারি ও অভিযানের কার্যকারিতা নিয়ে জনমনে তীব্র প্রশ্ন দেখা দিয়েছে।
নগরীর কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা উদ্বেগ প্রকাশ করে বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে আরও সতর্ক হতে হবে। একই সঙ্গে আবাসিক হোটেলগুলোতে বোর্ডারদের সঠিক পরিচয় যাচাই, নিয়মিত তদারকি এবং অপরাধের প্রমাণ মিললে হোটেল সিলগালা করাসহ কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি।
এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম মুঠোফোনে জানান, “আবাসিক হোটেলের আড়ালে দেহ ও মাদক ব্যবসার বিরুদ্ধে দ্রুত কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদকের বিরুদ্ধে বরিশাল মেট্রোপলিটন পুলিশ ও কোতোয়ালি মডেল থানা পুলিশ সব সময় জিরো টলারেন্স নীতিতে সোচ্চার রয়েছে। এ বিষয়ে কোনো প্রভাবশালী বা কারও সঙ্গেই আপস করা হবে না।
নগরবাসীর জোরালো দাবি, কেবল লোকদেখানো সাময়িক অভিযান নয়, প্রতিটি আবাসিক হোটেলে নিয়মিত ও কঠোর নজরদারি নিশ্চিত করতে হবে। পাশাপাশি এই অপকর্মের নেপথ্যে থাকা মূল হোতা, রাজনৈতিক পৃষ্ঠপোষক এবং প্রশাসনের কোনো অসাধু সদস্য জড়িত থাকলে তাঁদেরও সুষ্ঠু তদন্তের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।




