ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এক বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ নাছির হাওলাদার নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
পিরোজপুর জেলা পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম সেবা এর সার্বিক দিকনির্দেশনা এবং ডিবি ওসি হোসেন আল মাহাবুবের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
ডিবি সূত্রে জানা যায়, ২৬ সেপ্টেম্বর দুপুর ২:১০ ঘটিকায় এসআই মোঃ মস্তফা সওখাত জামান ও এসআই মোঃ সহিদুল ইসলামের নেতৃত্বে ডিবি’র একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ভান্ডারিয়া থানাধীন ১ নং ভিটাবাড়িয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডস্থ মেদিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের ব্রিজের ওপর বিশেষ অভিযান চালায়। এ সময় ব্রিজের ওপর ইয়াবা বিক্রির প্রস্তুতাকালে নাছির হাওলাদারকে আটক করা হয় এবং তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত নাছির হাওলাদার ঝালকাঠি জেলার রাজাপুর থানার ৯ নং ওয়ার্ডের দক্ষিণ তারাবুনিয়া গ্রামের মৃত আনছার হাওলাদারের ছেলে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এই জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে।
লিড নিউজ হোম


