নিজস্ব প্রতিবেদক, বরিশাল।।
বরিশালে নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী (NDD) শিশু ও ব্যক্তিদের পিতা-মাতা, অভিভাবক এবং কেয়ারগিভারদের নিয়ে ‘অ্যাক্টিভিটিজ অব ডেইলি লিভিং (ADL)’ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা গতকাল অনুষ্ঠিত হয়েছে। অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্র, বরিশালের সম্মেলন কক্ষে দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করা হয়।
প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের দৈনন্দিন জীবনের স্বাভাবিক কাজকর্ম (যেমন খাবার খাওয়া, পোশাক পরা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা ইত্যাদি) কীভাবে স্বাবলম্বীভাবে করানো যায়, সে বিষয়ে অভিভাবকদের দক্ষ করে তোলাই ছিল এ কর্মশালার মূল উদ্দেশ্য।
কর্মশালায় সভাপতিত্ব করেন অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্র, বরিশালের সহকারী পরিচালক মোঃ লিটন।
অনুষ্ঠানে মূল রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালট্যান্ট (ফিজিওথেরাপি) ডাঃ আরাফাতুল ইসলাম সম্রাট। তিনি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি এবং দৈনন্দিন চলাফেরায় ফিজিওথেরাপির গুরুত্ব ও প্রয়োগ কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এছাড়া কর্মশালায় অংশগ্রহণকারীদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্রের বিশেষজ্ঞ প্যানেল। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন:
মোঃ নেভিল ইমরুল কায়েস কনসালট্যান্ট (অকুপেশনাল থেরাপি)
মোঃ সোলাইমান কনসালট্যান্ট (স্পিচ অ্যান্ড ল্যাংগুয়েজ থেরাপি)
স্মৃতি আক্তার কনসালট্যান্ট (সাইকোলজি)
বিশেষজ্ঞরা শিশুদের দৈনন্দিন কাজের থেরাপিউটিক কৌশল, বাক ও যোগাযোগ দক্ষতা বৃদ্ধি এবং অভিভাবকদের মানসিক স্বাস্থ্য ও আচরণ পরিচালনার বিভিন্ন দিক নিয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
সভাপতির বক্তব্যে জনাব মোঃ লিটন বলেন, “এনডিডি শিশু ও ব্যক্তিদের মূল স্রোতধারায় ফিরিয়ে আনতে এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নে অভিভাবকদের ভূমিকা সবচেয়ে বেশি। এই প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান তারা যেন ঘরে বসে শিশুদের কল্যাণে কাজে লাগাতে পারেন, সেটাই আমাদের মূল লক্ষ্য।
কর্মশালায় বরিশাল অঞ্চলের বিপুলসংখ্যক অভিভাবক ও কেয়ারগিভার অংশ নেন। তারা এ ধরনের আয়োজনকে অত্যন্ত সময়োপযোগী ও কার্যকরী বলে উল্লেখ করেন এবং নিয়মিত এমন প্রশিক্ষণ আয়োজনের দাবি জানান।
অনলাইন ডেস্ক, নারী ও শিশু, সারাদেশ, স্বাস্থ্য


